
মোঃ আনোয়ার মৃধা: ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর দান করা জমিতে নির্মিত হচ্ছে ইউনিয়ন পরিষদের নতুন ভবন, উপকৃত হবেন পুরো ইউনিয়নবাসী
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আহাম্মেদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন খান এবং চাঁদপুর জেলা তাঁতী দলের সহ-সভাপতি ও ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য হাজী ইলিয়াস মিজি।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সেবাপ্রতিষ্ঠান। তাই ইউনিয়ন পরিষদ ভবনটি এমন একটি স্থানে নির্মাণ করা প্রয়োজন, যেখান থেকে পুরো ইউনিয়নের মানুষ সহজে নাগরিক সেবা গ্রহণ করতে পারেন।
বক্তব্যে হাজী ইলিয়াস মিজি বলেন, একসময় দক্ষিণ উপাদী ও উত্তর উপাদী নিয়ে একটি ইউনিয়ন পরিষদ ছিল। সে সময় ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বহরি আড়ং বাজারের পূর্বদিকে সম্মিলিতভাবে পরিষদটি প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ উপাদী পৃথক ইউনিয়ন হওয়ায় উত্তর উপাদী ইউনিয়ন পরিষদের বর্তমান অবস্থানটি ইউনিয়নের একটি প্রান্তে পড়ে যায়। ফলে বাকি ওয়ার্ডগুলোর বাসিন্দাদের পরিষদে যাতায়াত করতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে।
বর্তমান পরিষদটি বেহাল অবস্থায়ই থাকায় সেবাগ্রহীতাদের সেবা প্রদানের ভোগান্তির কারণে নতুন ভাবনা একান্ত প্রয়োজন সেই লক্ষ্যে আজকে তিতার ভিটায় নতুন ভবনের কাজ আজ থেকে শুরু হচ্ছে।
তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর এ দুর্ভোগ লাঘবে পুরো ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নতুন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে এলাকার বিশিষ্ট দানশীল ব্যক্তি, শিক্ষানুরাগী ও প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর কাছ থেকে জমি দেওয়ার অনুরোধ জানানো হলে তিনি তাঁর সম্পত্তি দান করেন। তাঁর দেওয়া জমিতেই সরকারি উদ্যোগে আজ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান সহ ইউপি সদস্যরা দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে নিরলসভাবে কাজ করেছেন। নানা প্রতিবন্ধকতা ও সমস্যার মধ্যেও তাঁরা হাল ছাড়েননি। পাশাপাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরও এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
হাজী ইলিয়াস মিজি আরও বলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও দুইবারের সাবেক সফল পৌর মেয়র এনামুল হক বাদল এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন এমপি ও বড় বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, পড়ো যুবদলের আহ্বায়ক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম কিরণ, বিল্লাল হোসেন খান সহযোগিতা ও প্রচেষ্টার জন্য আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর দান করা জমিতে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের মধ্য দিয়ে এ এলাকাকে একটি আধুনিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে ভূমি অফিস, পোস্ট অফিস, ভোকেশনাল ইনস্টিটিউট, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, কলেজ, গণকবরস্থান, দিঘি, প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। পাশেই রয়েছে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরির বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। এ জন্য ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর দেওয়া খেলার মাঠের অবদানের কথাও উল্লেখ করেন। তিনি তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
তিনি আরও বলেন, আমাদের পূর্বপুরুষেরা উপাদী গ্রামের সুনাম ও ঐতিহ্য প্রতিষ্ঠা করে গেছেন। আমরাও এলাকার মানুষের কল্যাণে স্থায়ী কিছু করে যেতে চাই। নতুন ইউনিয়ন পরিষদ ভবনটি হবে পুরো ইউনিয়নবাসীর গর্ব ও সেবার ঠিকানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সরকার ও জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী মো. জামাল প্রধান এবং বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন ভবন নির্মাণের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পরিষদ ভবন নির্মিত হলে দীর্ঘদিনের যাতায়াত ও নাগরিক সেবা গ্রহণের ভোগান্তি অনেকটাই কমবে। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।