
শ্রমিক সংকট, ফসলের ন্যায্যমূল্যের অভাব এবং পর্যাপ্ত সরকারি-বেসরকারি সহায়তার ঘাটতি—এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও কৃষিকাজ আঁকড়ে ধরে আছেন ফরিদগঞ্জের লোহাগড় গ্রামের কৃষক আলী মিয়া। বহু প্রতিকূলতার মুখেও মাঠ ছাড়েননি তিনি।
আলী মিয়া জানান, কৃষিকাজে অক্লান্ত পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাচ্ছে না। জীবিকা নির্বাহের জন্য নিজের জমির পাশাপাশি অন্যের জমিতেও চাষাবাদ করেন তিনি। পাশাপাশি দুটি গরু পালন করছেন।
চলতি মৌসুমে ৫০ শতাংশ জমিতে আমন ধানের আবাদ করেছেন আলী মিয়া। তবে লোকসান ও নানা সমস্যার কারণে আগের তুলনায় চাষাবাদের পরিমাণ কমাতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।
কৃষি খাতের বর্তমান সংকট তুলে ধরে আলী মিয়া বলেন, কৃষিকাজে সবচেয়ে বড় বাধা এখন শ্রমিক সংকট। ভরা মৌসুমে শ্রমিক পাওয়া যায় না; পাওয়া গেলেও অতিরিক্ত মজুরি দিতে হয়। তাঁর ভাষ্য, পরিশ্রম করে ফসল ফলানোর পরও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় দিনশেষে লাভ করা কঠিন হয়ে পড়ে।