
স্টাফ রিপোর্টার : মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ-ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন হয়েছে। শুক্রবার চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। তাঁর মতে, খেলাধুলা মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখার কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা বিকাশে সহায়তা করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।