
ফরিদগঞ্জে ওনুআ স্মৃতি সংসদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জ ওয়াপদা ভবনস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় ২০২৪ সালের ৫ আগস্ট ভেঙে ফেলা ‘ওনুআ ভাস্কর্য’ দ্রুত পুনঃস্থাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের হস্তক্ষেপ দাবি করেন বক্তারা।
সভায় বক্তারা জানান, সরকারি অর্থায়নে নতুন ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হলেও তা স্থাপনে বিলম্ব হচ্ছে। বর্তমানে ভাস্কর্যটি সংরক্ষিত অবস্থায় রয়েছে বলেও তাঁরা জানান।
সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দুলালের পরিচালনায় সভায় স্মৃতি সংসদের ইতিহাস তুলে ধরা হয়। বক্তারা জানান, ২০০৭ সালে নওজোয়ান ওয়ালিউল্লাহ, নুরেজ্জামান ভূঁইয়া ও আইউব আলী খানের নামের আদ্যাক্ষর নিয়ে ‘ওনুআ স্মৃতি সংসদ’ গঠিত হয়।
বক্তারা বলেন, শিক্ষা বিস্তার, রাজনীতি ও সমাজসেবায় অবদানের জন্য এই তিন ব্যক্তিত্বের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ তুলে ধরতে ২০০৮ সালে স্থানীয় টিঅ্যান্ডটি অফিসের সামনে ভাস্কর্যটি স্থাপন করা হয়।
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দুলাল সভার তথ্য উপস্থাপন করে বলেন, ২০২৪ সালের ১৮ আগস্ট ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পরে পৌর প্রশাসক ও ইউএনওর লিখিত অনুমোদনের পর সরকারি বরাদ্দে নতুন ভাস্কর্য তৈরি করা হয়। তবে তা এখনো স্থাপন না হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং দ্রুত পুনঃস্থাপনের দাবি জানানো হয়।
সভায় কামরুজ্জামান ভূঁইয়া, মামুনুর রশিদ, মঞ্জিল হোসেন, শাহ মাহমুদ জুয়েল, আবু হেনা মোস্তফা কামাল, মামুনুর রশিদ পাঠান, প্রভাষক মহিউদ্দিন, শামসুল আরেফিন, জাকির হোসেন পাটওয়ারী, হিতেশ শর্মা, আনিসুর রহমান, মমতাজ সরকার, বাবুল পাটওয়ারী, ফরিদ পাঠান, নেছার আহমেদ দেওয়ান ও মোশাররফ হোসেন নান্নুসহ অনেকে বক্তব্য দেন।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।