
শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে আজাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী ও সদস্য সচিব এহতেশামুল হক।
বক্তব্যে আয়েত আলী ভূঁইয়া বলেন, বিগত সরকারের আমলের অনিয়ম-দুর্নীতি নিরসনে সরকার কাজ করছে। বর্তমান সরকারের পথচলা মাত্র শুরু হয়েছে, তাই হতাশ হওয়ার কারণ নেই। সরকারের বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের সব সুযোগ-সুবিধা প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। বিএনপিকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে এবং যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করা হবে।
সাংগঠনিক সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।