
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মেহের ডিগ্রি কলেজের ইতিহাসে আজ এক স্মরণীয় দিন। আনুষ্ঠানিকভাবে কলেজটি জাতীয়করণের (সরকারিকরণ) লক্ষ্যে দানপত্র দলিল হস্তান্তর করা হবে আজ।
রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে সর্বসাধারণের উপস্থিতিতে এ দলিল হস্তান্তর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আয়োজনের জন্য কলেজ গভর্নিং বডি সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। কলেজ মাঠে তৈরি করা হয়েছে সুসজ্জিত মঞ্চ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠান সফল করতে সবার উপস্থিতি কামনা করেছেন কলেজ গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রূপন।
কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণের চূড়ান্ত তালিকায় অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেবে বলে তারা আশাবাদী। এ জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরের সময় মেহের ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সরকারিকরণের দাবি জানান। এরপর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জাতীয়করণের আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শুরু হয়, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে।