
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক কারবারে সহযোগিতার অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন বিএনপির দুই ওয়ার্ড নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় অন্য এক নেতাকে দেওয়া হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা।
বহিষ্কৃত দুই নেতা হলেন চণ্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
দলীয় ও স্থানীয় সূত্রের ভাষ্য, সম্প্রতি ওই দুই নেতার বিরুদ্ধে মাদক কারবারে সম্পৃক্ততা ও আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকসংক্রান্ত একটি বিতর্কিত ফোনালাপ ছড়িয়ে পড়ার পর ইউনিয়ন বিএনপি তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়। নির্ধারিত সময়ে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় ৭ অক্টোবর ইউনিয়ন ও উপজেলা বিএনপির যৌথ সিদ্ধান্তে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
একই অভিযোগে অভিযুক্ত ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নানকে (মনা) নোটিশের জবাব সন্তোষজনক হওয়ায় চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে।
চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোয়েব পাটোয়ারী জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং মাদকের মতো অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ওই দুই নেতাকে পদ ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।