
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি চক্র ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রাতে স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এ চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানান তিনি।
অসহায় ও দরিদ্র মানুষের সহায়তার বিষয়ে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুর সদর ও হাইমচরের অসহায় মানুষের মধ্যে মোট ১ হাজার শাড়ি বিতরণ করা হবে। এর মধ্যে চাঁদপুর সদরে ৭০০টি এবং হাইমচরে ৩০০টি শাড়ি দেওয়া হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।