
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৪৩ পিস ইয়াবাসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২২ সদস্যকে আটক করা হয়। গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, চাঁদপুর সদর মডেল থানা এলাকায় ১৬ পিস ইয়াবাসহ ছয়জন, মতলব উত্তর থানা এলাকায় ১০৯ পিস ইয়াবাসহ চারজন, হাজীগঞ্জ থানা এলাকায় ১৮ পিস ইয়াবাসহ একজন এবং শাহরাস্তি থানা এলাকায় ২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
উঠতি বয়সী যুবসমাজকে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ফরিদগঞ্জ ও শাহরাস্তি থানায় বিশেষ অভিযান চালানো হয়। ফরিদগঞ্জ থানা পুলিশ ছয় সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বিশেষ কাউন্সেলিং শেষে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
শাহরাস্তি থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১৬ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। কাউন্সেলিং শেষে অভিভাবকদের মুচলেকায় তাদের জিম্মায় দেওয়া হয়েছে।
গ্রেফতার করা মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।