
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শহরের নাজিরপাড়ায় স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের যৌথ অংশীদারিত্বে আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি নবপ্রতিষ্ঠিত আন নাজির ট্রাস্টকে তিন লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে নাজিরপাড়ার আন নাজির আইডিয়াল মাদ্রাসা মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। ট্রাস্টের চেয়ারম্যান নাজমা রহমান এবং স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রহমান জিলানী (পিএইচডি) সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বক্তব্যে রহমান জিলানী বলেন, স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। সংস্থাটি বার্ধক্য, প্রতিবন্ধকতা ও রোগব্যাধির কারণে সৃষ্ট চরম দারিদ্র্য এবং সামাজিক বৈষম্য দূরীকরণে কাজ করে।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক নাজিরপাড়ার সঙ্গে তাঁর শৈশবের সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, এলাকাটিতে তাঁর বোনের বাড়ি রয়েছে। বর্তমান মাদ্রাসা মাঠের স্থানে আগে পুকুর ছিল এবং শৈশবে সেখানে খেলাধুলা ও গোসল করতেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব এবং আন নাজির আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা নিজামুল হক।
এতে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝিসহ জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সমাপনী বক্তব্যে রহমান জিলানী অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আন নাজির ট্রাস্টের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।