
নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের চারটি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্যমতে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উভারামপুর গ্রামের দক্ষিণ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন অটোরিকশাচালক চান মিয়া, সূর্য মিয়া, দিনমজুর মো. স্বপন ও হাবিব। আগুনে তাঁদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁরা ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি।
ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালক চান মিয়া জানান, শুক্রবার দুপুরে তাঁরা জুমার নামাজে যান। নামাজ শেষে বাড়ি ফিরে বসতঘর আগুনে পুড়ে যেতে দেখেন। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছু পুড়ে গেছে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, চারটি পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ায় তাঁরা খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন। তাঁর ভাষ্য, চার পরিবারের বসতঘর আগুনে সম্পূর্ণ ছাই হয়ে গেছে এবং পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, রান্নার চুলা কিংবা অন্য কোনো কারণে আগুন লেগেছে কি না, স্থানীয়রা তা নিশ্চিত করতে পারেননি।