
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সায়েম নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বাকিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রাধাসার গ্রামের আলমগীর বেপারীর ছেলে।
বাকিলা এলাকার ত্রিমোহনী থিম পার্কের স্বত্বাধিকারী আল আমিন জানান, ইয়াছিন ওই পার্কে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। তাঁর ভাষ্য, ইয়াছিনের আয়েই তাঁর মায়ের ভরণপোষণ চলত এবং তিনি প্রায় সাত বছর ধরে পার্কটিতে কাজ করছিলেন।
আহত সায়েম পার্কসংলগ্ন এলাকার আক্তার হোসেনের ছেলে। দুর্ঘটনায় তার বাম হাত থেঁতলে গেছে। রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।