
ফরিদগঞ্জ প্রতিনিধি: প্রশাসক হিসেবে জনদুর্ভোগে দ্রুত সাড়া ও সমাধানের চেষ্টা এবং নিজেদের অর্থ ও শ্রম দিয়ে সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনজনকে মাথায় জলপাই পাতার তৈরি শান্তির মুকুট এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দিলো চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম। সংবর্ধিত এই তিন হলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজা, আজিজুর রহমান রাজন। বৃহষ্পতিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই উপলক্ষে পৌর নাগরিক ফোরামের আহ্বায়ক মোশারেফ হোসেন নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক জাকির হোসেন, মামুন সর্দার, মো: ইউনুছ মিজি, জহির গাজী প্রমুখ।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও ও পৌর প্রশাসক তার কার্যকালে পৌরসভার নাগরিকদের জনদুর্ভোগ লাঘবে দ্রুত সাড়া দিয়ে পৌরবাসীর মনে আস্থা অর্জন করেছেন। অন্যদিকে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজা নদীর কচুরিপানা, রাস্তার পাশের জমে থাকা আবর্জনা ও গুল্ম গাছালি এবং ড্রেনে নেমে নিজের হাতে পরিষ্কার করে জনর্দুভোগ লাগব করেছেন। অন্যদিকে আজিজুর রহমান রাজন সড়কে সৃষ্টি হওয়া গর্ত মেরামতে নিজের অর্থ দিয়ে ইট সুড়কি ও বালি দিয়ে তা ভরাট করে দুর্ঘটনা হ্রাসে সহায়তা করেছেন।
এব্যাপারে পৌর নাগরিক ফোরাম কর্তৃপক্ষ জানান, ২০২৬ সাল থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই ধরনের সম্মাননা শুরু করেছেন। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে এবং তা বাড়বে।