
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন কৃষক গ্রুপের মাঝে ৮১টি আধুনিক ও ভারী কৃষি যন্ত্রপাতি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী এবং উপকারভোগী কৃষকেরা বক্তব্য দেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিতরণ করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৯টি ধান কাটার যন্ত্র (রিপার), ১১টি ধান মাড়াই যন্ত্র, ১১টি ফুট পাম্প, ৫টি বেড প্ল্যান্টার, ৬টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২৮টি হ্যান্ড স্প্রেয়ার এবং ১১টি এলএলপি (লো লিফট পাম্প)।
অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসাইন, মো. আহসানুজ্জামান, মো. শাহাদাত হোসেন ও শাহপরানসহ কৃষি কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।