আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজার চিশতিয়া ফাজিল মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসা থেকে ঠাকুর বাজার পর্যন্ত মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি চিশতিয়া ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে ঠাকুর বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালি ও সমাবেশে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসা, পাচার ও সেবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।