
এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার (২৩ নভেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মানববন্ধন করেছেন ক্ষুব্ধ জেলে ও স্থানীয়রা।
ভুক্তভোগীদের অভিযোগ, নদীতে মাছ ধরতে যাওয়ার সময় নির্দিষ্ট কিছু জেলেকে লিখিত টোকেন দেওয়া হয়। রাতে নদীতে মাছ ধরার সময় ওই টোকেন দেখাতে পারলে কোনো টাকা দিতে হয় না। অন্যদিকে টোকেন দেখাতে না পারলে বিভিন্ন অজুহাতে নৌকা আটক করে অর্থ আদায় করা হয়। দীর্ঘদিন ধরে এভাবে সাধারণ জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে দাবি তাঁদের।
গজারিয়ার জেলে মহিউদ্দিন, সোহেল ও আফসার অভিযোগ করেন, মাছ কেনাবেচার কাজে নদীতে গিয়ে কোনো অবৈধ মাছ বা সরঞ্জাম না পাওয়ার পরও তাঁদের নৌকা আটক করা হয়। পরে মামলা ও থানায় নেওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
আরেক জেলে জানান, তাঁর পরিচিত এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা নেওয়ার পর মাসিক এক হাজার টাকা করে টোকেন দেওয়া হয়েছে। এভাবে ৩০ থেকে ৩৫টি নৌকা থেকে প্রতি মাসে অর্থ আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্য এক ভুক্তভোগীর দাবি, বর্তমানে মাছ ধরার ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকলেও নদীতে মাছ ধরতে গেলে জেলেদের আটক করে কারও কাছ থেকে ৪ হাজার, কারও কাছ থেকে ৫ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। গ্রামের অধিকাংশ মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, এভাবে অর্থ আদায় করা হলে তাঁদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মতলব উত্তরের কয়েকজন জেলে অভিযোগ করেন, মা ইলিশ রক্ষা অভিযানের সময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের পক্ষ থেকে নৌকাপ্রতি ১২ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে। যারা টাকা দিতে পারেননি, তাঁদের আটক করে জেল-জরিমানা করা হয়েছে বলেও দাবি তাঁদের।
ভুক্তভোগী জেলে ও মাছ ব্যবসায়ীরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, টোকেনের মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, “আমি বিষয়টি শুনেছি। পুলিশের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আমার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে বলে মনে করি। তা না হলে আমার বিপি নম্বর তারা কোথায় পেল? কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায়ভার কোনো সংস্থা কেন নেবে?”
এ বিষয়ে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।