
আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ৪৫ জন কিশোরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে মুচলেকা ও সতর্ক করার পর অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটক কিশোরদের রাতের বেলায় ঘোরাফেরার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি। পরে তাদের বিষয়ে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করা হয়। এতে আটক কিশোরদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হলে তারা ভবিষ্যতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা না করার বিষয়ে পুলিশকে আশ্বস্ত করেন। প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং রাতের বেলায় অপ্রয়োজনে ঘোরাফেরা নিরুৎসাহিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, কিশোরদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।