
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়নে সংস্কার করার উদ্যোগও তিনি নিয়েছেন বলে জানা গেছে।
চাঁদপুর শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায়ও তিনি কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান। শহরের বিভিন্ন স্থানে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন জাতের গাছ এবং কৃত্রিম গাছ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের বিভিন্ন অংশেও পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ ছাড়া শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ‘ক্লিন চাঁদপুর’-এর মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সংগঠনটির স্বেচ্ছাসেবক সদস্যদেরও সক্রিয় থাকতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, চাঁদপুর শহরের যানজট নিরসনেও ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সময়ে কাজ করে যাচ্ছেন। এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে পৌরবাসীর একটি অংশ তাকে ভবিষ্যতে পৌর মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, “বিগত দিনেও অসহায় মানুষের পাশে ছিলাম এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে ব্যস্ত ছিলাম। ভবিষ্যতেও সুন্দর সমাজ গঠনে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
পৌর এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ পরিবেশ ও জনজীবনের স্বার্থে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ভবিষ্যতে তিনি পৌরসভার দায়িত্ব পেলে চাঁদপুর শহরের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার সুযোগ পাবেন বলে তারা আশা করেন।