
বুধবার (৫ আগস্ট) দুপুরে স্থানীয়রা সড়কের একটি অংশে বড় ধরনের ফাটল দেখতে পান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ওই সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে খবর পেয়ে সওজের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সংস্কারকাজ শুরু করেন।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, “ফাটলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে জনবল পাঠানো হয়েছে। প্রায় ৫ মিটার ক্ষতিগ্রস্ত অংশ জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে সাংবাদিক মোসাদ্দেক আল আকিব জানান, রায়পুর যাওয়ার পথে তিনি প্রথম ফাটলটি দেখতে পান। তিনি মোটরসাইকেল থামিয়ে নিচে নেমে দেখেন, ফাটলের নিচের অংশ ফাঁপা হয়ে গেছে এবং মাটি সরে যাওয়ার লক্ষণ রয়েছে। বিষয়টি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সংস্কারকাজ শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সংস্কার এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা।