
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক কারবারির অভিযোগে মো. সাদ্দাম প্রধানিয়া (২০), আবদুল মান্নান সরকার (২৯), গোলাম রাব্বী (২২) ও শাহালম (৩০)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন (২১), জিসান (২০), মো. জিসান (১৮), মো. সৈকত দেওয়ান (২৯), রবিউল হাসান (২৭), মো. শফিকুল ইসলাম (৫২), হাবিব (২৬) ও মো. জামান মাঝি (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাতজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকি। মতলব উত্তরকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী কিংবা সেবনের সঙ্গে জড়িত কেউই আইনের আওতার বাইরে থাকবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মতলব উত্তরকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।