
মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) মতলব দক্ষিণ থানার উদ্যোগে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাজার সিএনজি স্টেশন এলাকায় এ র্যালি ও সভার আয়োজন করা হয়।
মাদকবিরোধী র্যালিতে দলমত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে প্রায় ২৮০ থেকে ৩০০ জন অংশ নেন।
র্যালিটি নারায়ণপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সভায় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুধী সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।