নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নৈতিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. এ. লতিফ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী।
স্বাগত বক্তব্যে সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও সাংবাদিকতার উন্নয়নে কাজ করে আসছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
সোহেল রুশদী আরও বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিক ও স্থানীয় পত্রিকার সম্পাদকরা ঐক্যবদ্ধ রয়েছেন। সকলের সহযোগিতায় প্রেস ক্লাবের কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে চলছে। সদস্যদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে বর্তমান কমিটি কাজ করে যাচ্ছে।
মাঠ পর্যায়ে সাংবাদিকতার নামে অপেশাদার কর্মকাণ্ড ও অপসাংবাদিকতার বিষয়ে মনিটরিং জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অচিরেই মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রেস ক্লাবে ডেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। কোনোভাবেই সাংবাদিকদের মান ও প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করা যাবে না।
সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বি. এম. হান্নান, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জি. এম. শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, কাদের পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, মোরশেদ আলম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে. এম. সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম. আর. ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য আলম পলাশ, ফারুক আহম্মেদ ও জাকির হোসেন বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন ও শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য মো. নেয়ামত হোসেন, মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী, এ কে আজাদ প্রমুখ।
সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত প্রদান করা হয়।
সভাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সমন্বিত প্রচেষ্টা ও নতুন উদ্যমের মাধ্যমে চাঁদপুর প্রেস ক্লাব তার দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
।