
সরকারি কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশে প্রচলিত কঠোর নিয়ম ও অনুমতির অপেক্ষার বিপরীতে ব্যতিক্রমী বার্তা দিয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি নিজ দপ্তরের দরজায় টাঙিয়েছেন—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, ধাক্কা দিন’।
সাধারণ মানুষের জন্য সরকারি সেবা সহজ ও সংকোচহীন করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যানারের ছবি ছড়িয়ে পড়ার পর ইউএনও প্রশংসা পাচ্ছেন। তবে ব্যানারটি বুধবারের আগেই দপ্তরের দরজায় টাঙানো হয়েছিল বলে জানা গেছে।
সাধারণ মানুষ, বিশেষ করে বয়োবৃদ্ধ ও প্রত্যন্ত এলাকার বাসিন্দারা সরকারি দপ্তরে গিয়ে অনেক সময় প্রবেশের ক্ষেত্রে দ্বিধায় থাকেন। ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া বা দরজার বাইরে অপেক্ষা করার সংকোচ দূর করতেই এই উন্মুক্ত বার্তা দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ প্রশাসন ও সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে স্বস্তির পরিবেশ তৈরি করতে পারে।
উদ্যোগের কারণ ব্যাখ্যা করে হাজীগঞ্জ ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, গ্রামের সাধারণ ও বয়োবৃদ্ধ মানুষ অনেক সময় অফিসে এসে ভেতরে ঢুকতে সংকোচ বোধ করেন। ভেতরে কেউ থাকলেও তাঁরা বাইরে অপেক্ষা করেন। তিনি জানান, মৌখিকভাবে অনুমতি ছাড়াই ভেতরে আসার কথা বলার পরও মানুষের দ্বিধা কাটেনি। এ কারণে সাধারণ মানুষ যাতে অধিকার নিয়ে সেবা নিতে আসতে পারেন, সে জন্য দরজায় ব্যানারটি টাঙানো হয়েছে।
তিনি জানান, প্রচারের উদ্দেশ্যে নয়, সরকারি দায়িত্বের অংশ হিসেবেই বিষয়টি করা হয়েছে। জনগণের সেবা করাই সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।