
শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঘোষপাড়া ব্রিজ এলাকায় ‘ময়লার বিনিময়ে উপহার’ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয়রা ঘরবাড়ি ও আশপাশের ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে জমা দেন। পরে ময়লার বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় নিত্যপণ্য ও গাছ।
আয়োজকরা জানান, শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাসে অভ্যস্ত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শুধু পরিচ্ছন্নতার কথা বলে সচেতনতা তৈরির পরিবর্তে মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ময়লার বিনিময়ে উপহার দেওয়ার এই কৌশল নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘ক্লিন চাঁদপুর’র প্রধান উদ্যোক্তা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। তিনি নিজ হাতে ময়লা নিয়ে আসা মানুষের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ ও গাছ বিতরণ করেন। এ সময় সংগঠনের সদস্যরা পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে মানুষকে সচেতন করেন।
‘ক্লিন চাঁদপুর’র পক্ষ থেকে আরও জানানো হয়, একদিনের কর্মসূচি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়নি। চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে এবং মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী সচেতনতা গড়ে তুলতে সাপ্তাহিকভাবে শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচি সফল করতে সংগঠনটির প্রায় ৩০ জন সক্রিয় সদস্য মাঠপর্যায়ে কাজ করেন। ব্যতিক্রমী এ উদ্যোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। পরিবেশ রক্ষায় তরুণদের এমন জনসম্পৃক্ত ও সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।