
মতলব উত্তর থানা পুলিশের দ্রুত পদক্ষেপ ও কার্যকর অভিযানে নিখোঁজের মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার হয়েছে ১৩ বছরের স্কুলছাত্র রাতুল দেবনাথ। বান্দরবান জেলার সদর থানাধীন দূরবর্তী দুর্গম পাহাড়ি এলাকা ‘১২ মাইল’ থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রাতুল ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে এবং ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর রাতুলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে পরিবারের সদস্যরা রাতুলের ফেসবুক পেজে “Miss you Ma” লেখা একটি স্ট্যাটাস দেখতে পান। কুমিল্লায় সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় অনুসন্ধানে নামে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়।
পুলিশের দলটি আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার, বিভিন্ন তথ্য বিশ্লেষণ এবং রাতুলের সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা করে তার অবস্থান শনাক্ত করে। পরে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ‘১২ মাইল’-এ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে রাতুলকে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে রাতুলের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।