
নারায়ন রবিদাস : চাঁদপুরের ফরিদগঞ্জে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দায়িত্বপালন কালে তাঁর সততা ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন সাংবাদিকবৃন্দ।
আবেগঘন বিদায়ী বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, ফরিদগঞ্জে দায়িত্ব পালনকালে মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এখানের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে। সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ভাইয়েরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের কাছ থেকে যে অকুন্ঠ সহযোগিতা পেয়েছি, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান,সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস ছোবহান লিটন, বর্তমান কমিটির সহসভাপতি মো. মহিউদ্দিন, মশিউর রহমান মাস্টার প্রমুখ।
এসময় বক্তারা বিদায়ী ইউএনওর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে তাঁকে অত্যন্ত জনবান্ধব ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে অভিহিত করেন। বক্তারা বলেন, স্বল্প সময়ের দায়িত্বকালেই তিনি সরকারি নিয়মকানুনের কঠোরতা বজায় রাখার পাশাপাশি সাধারণ ও অসহায় মানুষের বিপদে তাৎক্ষণিক সহায়তা করেছেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক অনুদান প্রদানসহ স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের সমস্যা সমাধান করেছেন। নিজের কর্মগুণে অনেক সময় জনপ্রতিনিধিদের থেকেও বেশি গ্রহণযোগ্যতা লাভ করেছেন ইউএনও সেটু কুমার বড়ুয়া।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ অক্টোবর ফরিদগঞ্জে যোগ দিয়ে দীর্ঘ ১১ মাস ১৪ দিন অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি নিজের দায়িত্ব পালন সম্পন্ন করেছেন। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন। এদিকে তাহেরপুর উপজেলা থেকে বদলি হয়ে ইউএনও মেহেদী হাসান মানিক রবিবার (২৭ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।