
হাজীগঞ্জে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেনের প্রস্তাবে সাড়া দিয়ে এ কার্যক্রম সফল করার দায়িত্ব নিয়েছেন বড়কুল ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার সব ক’টি ইউনিয়নকে এই কার্যক্রমের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছেন ইউএনও এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।
সকাল ১০টায় উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী বলেন, মাদকের বিষয়ে স্থানীয় সংসদ সদস্যসহ দলীয় অবস্থান জিরো টলারেন্স। বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে পদে রাখা হবে না এবং নতুন করে কাউকে দলীয় দায়িত্ব দেওয়া হবে না বলেও জানান তিনি। মাদক বিক্রেতা বা সেবনকারীদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করলে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় কিশোর-যুবকদের মধ্যে ভুল ওষুধ সেবনের প্রবণতা নিয়ে উদ্বেগ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান। তাঁর ভাষ্য, সম্প্রতি এক কিশোর জটিল শারীরিক সমস্যা নিয়ে তাঁর কাছে আসে এবং বন্ধুদের সঙ্গে যৌন উত্তেজক ট্যাবলেট সেবনের কথা জানায়। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এ ধরনের ওষুধ বিক্রি না করতে ফার্মেসিগুলোকে সতর্ক করার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, তাঁর ইউনিয়নেই স্থানীয় সংসদ সদস্যের বাড়ি। তাঁর প্রতি সম্মান জানিয়ে তিনি নিজ ইউনিয়নকে প্রথম মাদকমুক্ত করার কাজ শুরু করছেন। খুব শিগগির বড়কুলকে পুরোপুরি মাদকমুক্ত ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান পাটোয়ারী, স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।