
বাংলাদেশ ফুটবল লিগে চাঁদপুর স্টেডিয়ামের ‘হোম ভেন্যু’তে বড় ধাক্কা খেলো ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডের গতি ও ধারালো আক্রমণের সামনে পাত্তাই পায়নি তারা। শনিবার (৩ অক্টোবর ২০২৬) একপেশে ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই মাঠে আবাহনীর আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচের ৩ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড অকাচির হেডে এগিয়ে যায় আবাহনী। তিন মিনিট পর পাকিস্তানি ফুটবলার মঈন আহমেদ গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-০।
পিছিয়ে পড়ে গোল শোধে আক্রমণে ওঠে ঢাকা ওয়ান্ডারার্স। ১৪ মিনিটে জাহিদ হোসেন গোল করে দলকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে ৩৪ মিনিটে ওয়ান্ডারার্সের রক্ষণভাগের ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে গোল করে আবাহনী ব্যবধান ৩-১ করে। এই ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আবাহনীর ধারাবাহিক আক্রমণ সামলাতে পারেনি ওয়ান্ডারার্স। ম্যাচের শেষ দিকে অকাচি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন। অতিরিক্ত সময়ে মুনাফ আরও একটি গোল করলে ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আবাহনী।