
মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব পৌরসভার নবকলস এলাকায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়েরও মৃত্যুর এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত দুই ভাই হলেন— বড় ভাই হাসেম (৬০) এবং ছোট ভাই হাসান খান (৫৫)। পিতা মৃত আব্দুর রহমান। মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ড খান বাড়ির বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাই হাসান খান জীবিকার তাগিদে মতলবের ৭ নং ওয়ার্ডের বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সৌদি প্রবাসী মঞ্জিলের বাড়িতে পাহারাদার হিসাবে কাজ করতেন। মঙ্গলবার (০৯ নভেম্বর) কর্মরত অবস্থায় আকস্মিক ইন্তেকাল করেন তিনি।
এদিকে মঙ্গলবার সকাল ০৯টার দিকে বাড়িতে ছোট ভাইয়ের আকস্মিক মৃত্যুর খবর পৌঁছালে পরিবারজুড়ে কান্নার রোল পড়ে যায়। ছোট ভাইয়ের মৃত্যুর এই তীব্র শোক বড় ভাই হাসেম সইতে পারেননি। সংবাদটি শোনার সঙ্গে সঙ্গেই তিনি তাৎক্ষণিক স্ট্রোক করেন এবং বাড়িতেই মারা যান।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের এমন মৃত্যুতে নবকলস এলাকাবাসী শোকাভিভূত। রাতেই দুই ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।