
মানুষের চাহিদার শেষ নেই। আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির মিল না হলে মন খারাপ হয়। বাস্তববাদী মানুষ পরিস্থিতি দ্রুত মেনে নিতে পারলেও নৈরাশ্যবাদী ও নেতিবাচক চিন্তায় ডুবে থাকা মানুষ দুঃখ-কষ্ট সামলাতে না পেরে হতাশায় ডুবে যেতে পারেন। জীবনে বিপর্যয় এলেও ভেঙে না পড়ে মনকে শক্ত করার চেষ্টা জরুরি; তা না হলে বিষণ্নতায় ভুগতে হতে পারে।
দিনের পর দিন মন খারাপ, দুঃখ-কষ্ট ও নেতিবাচক চিন্তা থেকে বিষণ্নতা তৈরি হতে পারে। দীর্ঘ সময় এ অবস্থা থাকলে তা মানসিক রোগে রূপ নিতে পারে। বিষণ্নতার লক্ষণ হিসেবে জরুরি কাজে মনোযোগ দিতে না পারা, নিজেকে গুটিয়ে নেওয়া, মানুষের ভিড় এড়িয়ে চলা, একাকীত্ববোধ ও হীনমন্যতা দেখা দিতে পারে। অতিরিক্ত মন খারাপ থেকে আত্মহত্যার প্রবণতাও বাড়তে পারে।
বিষণ্নতার সঙ্গে হঠাৎ ওজন বেড়ে বা কমে যাওয়া, ক্ষুধার পরিবর্তন, নিদ্রাহীনতা বা অতিরিক্ত ঘুম, হজমের সমস্যা, মাথাব্যথা, শ্বাসকষ্ট, বুকব্যথা ও বুক ধড়ফড়ের মতো সমস্যা দেখা দিতে পারে। সারা শরীরে ব্যথা, মাথা-ঘাড় ও জয়েন্টে ব্যথা, জ্বর জ্বর অনুভূতি, মাথা ঘোরা, মেজাজ খারাপ ও অল্পতেই রেগে যাওয়ার প্রবণতাও থাকতে পারে।
দুশ্চিন্তা ও মানসিক অবসাদের প্রভাব ত্বক ও চুলেও পড়তে পারে। চুল ঝরে যাওয়া, ত্বকে মেছতা, চোখের নিচে কালি এবং হরমোনের তারতম্য দেখা দিতে পারে। মানসিক চাপ থেকে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত চা, কফি ও সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন বিষণ্নতা ও হতাশা থাকলে বিভিন্ন ধরনের মানসিক রোগ তৈরি হতে পারে।
সবসময় ইতিবাচক চিন্তা, ধর্ম-কর্ম ও সৃজনশীল কাজে ব্যস্ত থাকার চেষ্টা করতে হবে। ব্যর্থতা জীবনের অংশ—এ কারণে নিজেকে অযোগ্য না ভেবে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা জরুরি। নিয়মিত খবরের কাগজ পড়া, সময়োপযোগী টক শো দেখা, ইতিবাচক নাটক-সিনেমা দেখা এবং আত্মউন্নয়নমূলক ভিডিও মানসিক প্রশান্তিতে সহায়তা করতে পারে।
সময়-সুযোগ পেলেই চোখ বন্ধ করে কয়েক মিনিট বুক ভরে জোরে শ্বাস নেওয়া, বেড়াতে যাওয়া ও মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। হাঁটাহাঁটি করলে সারা দেহে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং মন ভালো থাকতে পারে।
নিজে চেষ্টা করেও মন নিয়ন্ত্রণ করতে না পারলে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনিয়ন্ত্রিত আবেগ, রাগ, আতঙ্ক বা অস্বাভাবিক আচরণ নিজের কিংবা পরিবারের কারও মধ্যে দিনের পর দিন থাকলে সাইকোথেরাপিস্টের পরামর্শ নেওয়া জরুরি।