
নিজস্ব প্রতিনিধি: দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ পার হয়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে। একই সময়ে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩০৮ জন। এর মধ্যে চলতি মাসের প্রথম ১১ দিনেই মারা গেছেন ৬২ জন। সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৩৩১ জনে।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৮৭১ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৮৭ জন, খুলনায় ২৯৮ জন, রাজশাহীতে ২৫৩ জন, বরিশালে ২৪৩ জন, ময়মনসিংহে ১০২ জন এবং রংপুর বিভাগে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।